বৈষম্যবিরোধী
আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের
ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ছয় নেতাসহ ৪০
জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত সোমবার হাটহাজারী
থানায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বাদী হয়ে এ মামলা করেন।
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘চবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। থানার তদন্ত কর্মকর্তা এসআই হাসান এ নিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’ মামলার এজাহারে বলা হয়, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আমিসহ (বাদী) আমার অন্যান্য সহযোদ্ধা ক্যাম্পাসে সমন্বয় করে মিছিল, মিটিং, সমাবেশ করেছি। গত ১৪ জুলাই রাতে জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় আমরা মিছিলে জড়ো হয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগান দিচ্ছিলাম। ওই সময় বিবাদীসহ অজ্ঞাত ৩০-৪০ জন রাত সাড়ে ১১টার দিকে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র হাতে হামলা ও ককটেল নিক্ষেপ করতে থাকে। বিবাদীরা ও আরো অজ্ঞাতনামা ৩০-৪০ ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মী আমাদের ছাত্র আন্দোলন বানচাল করার জন্য পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।










