স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করতে হলে সময় ও সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।

আজ শনিবার (২৪ আগস্ট) নোয়াখালী জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম জানান, তিনি কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কাশীপুর মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা এবং ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা রয়েছে। সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর পর্যাপ্ত মজুদ থাকে।

তিনি আরো বলেন, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা এবং চর্মরোগের মতো নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এজন্য এখন থেকেই আমাদের সতর্ক হতে হবে।

নূরজাহান বেগম সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। তিনি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষদের সঙ্গে স্বাস্থ্যসেবা, ত্রাণ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন।

এ সময় নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।