টাইগারপাস সড়কে র্যাম্প নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এজন্য ৪৬টি গাছ ও পাহাড়ের ঢালু অংশ কাটতে চায় সংস্থাটি। এতে গাছ ও পাহাড় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তবে উন্নয়নের করাত থেকে গাছ, পাহাড় ও প্রকৃতিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।
নগরীর টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য গাছ কাটার উদ্যোগের প্রতিবাদে গতকাল সমাবেশ করেছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন। কর্মসূচিতে অংশ নেয়া পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান সিডিএর গাছ কাটার পরিকল্পনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যারা এসব সিদ্ধান্ত নেন, তারা বিভিন্ন স্বার্থে কাজ করেন। টাইগারপাস এলাকার সিআরবি পাহাড়ের গাছ কাটার বিষয়টি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। প্রশাসনের বিভিন্ন স্তরে বসে থাকা কর্মকর্তা ও পরিকল্পনাকারীরা উন্নয়নের নামে পরিবেশকে ধ্বংসের উদ্যোগই বেশি নিচ্ছেন।’
বেলা সাড়ে ৩টায় টাইগারপাস এলাকায় বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম নাগরিক সমাজ। শতবর্ষী গাছ ও সড়ক ধ্বংস করে র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারী।
সমাবেশে মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, ‘র্যাম্প করার জন্য অনেক স্থান রয়েছে। কিন্তু গাছ কেটে, পাহাড় ঝুঁকিতে ফেলে র্যাম্প স্থাপনে উদ্যোগী হয়েছে সিডিএ। শতবর্ষী গাছ ও দ্বিতল রাস্তাটি নষ্ট করে সিআরবির পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করার মাধ্যমে চট্টগ্রামকে দূষিত নগরীতে পরিণত করতে চায় একটি গোষ্ঠী। এদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন চলবে।’










