ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করবেন
বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার (৩ এপ্রিল) বিকালে পররাষ্ট্র
মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ
কথা বলেন।
সরকার প্রধান প্রথম দ্বিপক্ষীয় সফর কোথায় করতে চান জানতে চাওয়া হয়
পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। তবে ভারতের
নির্বাচনের পর। সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা এখনো আমাদের অফিসিয়াল লেভেলে হয়নি।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে গণমাধ্যমের সংবাদের পরিপ্রেক্ষিতে হাছান
মাহমুদ বলেন, আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও সেটি দেখেছি।
গত বছরের (২০২৩) সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন
শেখ হাসিনা। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক এবং একান্ত
বৈঠক করেন তিনি। বাংলাদেশে দ্বাদশ নির্বাচনের আগে ওই সফর ছিল সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর
শেষ সফর।










