বকেয়া বেতন দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

শিল্প পুলিশ জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করেন। এতে দুই পাশে যান চলাচল ব্যাহত হয় এবং অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তাদের বেতন আদায়ে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। আশ্বাস পেয়ে সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সোয়া ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিক আন্দোলনের কারণে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।’

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন।’

শ্রমিকরা বলছেন, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এইচআইএস অ্যাপারেলস লিমিটেডে প্রায় ১৩০০ শ্রমিক কাজ করেন। তাদের এপ্রিলের বেতন এখনো বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার বকেয়া বেতন পরিষদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। এর আগেও বেশ কয়েকবার শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিক নাহিদা আক্তার বলেন, ‘আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা কাজ করি, অথচ মাস শেষে বেতনের জন্য রাস্তায় নামতে হয়। এটা কতটা অপমানজনক, সেটা মালিকপক্ষ বোঝে না।’

আরেক শ্রমিক সবুজ মিয়া বলেন, ‘বেতন না পেলে বাসা ভাড়া, বাজারের বাকি, সন্তানদের খরচ কিছুই মেটানো যায় না। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।’