গতকাল সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, ‘আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এ পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

স্ট্যাটাসে মাহদী আমিন সরকারের ২৮ দিনে নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ‘এসব পদক্ষেপ সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে আলোকিত করেছে।’

মাহদী আমিনের ফেসবুক স্ট্যাটাসে লেখা প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ কয়েকটি খাত ধরে বর্ণনা করেছেন।

সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা খাতের মধ্যে রয়েছে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী প্রদান, ঈদে ত্রাণ ও উপহার বিতরণ ও প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি খাতে রয়েছে কৃষি ঋণ মওকুফ ও কৃষক কার্ড দেয়ার উদ্যোগ। দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন।

প্রশাসনিক সংস্কার ও সুশাসন খাতে রয়েছে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন। কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর ভিভিআইপি প্রটোকল হ্রাস, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত, এমপিদের বিশেষ সুবিধা বাতিল।

অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা বিষয়ে উদ্যোগগুলো হলো বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা, বিদেশী বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রুগ্‌ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু, পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধি। স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতের উদ্যোগের মধ্যে আছে পুনর্ভর্তি ফি ও ভর্তিতে লটারি বাতিল, বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা, নয় হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ক্রীড়া উন্নয়ন ও নতুন কুঁড়ি কর্মসূচির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত, নতুন কুঁড়ি সংস্কৃতি, ক্রীড়া ও কোরআন তেলাওয়াত উদ্যোগ, উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু।

স্বাস্থ্য ও জনকল্যাণ খাতে ই-হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র চালুর উদ্যোগ ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা খাতে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা, নারীর নিরাপত্তা ও পিংক বাস চালুর নির্দেশ, সাইবার বুলিং প্রতিরোধ।

এছাড়া রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয়, অবৈধ দোকান উচ্ছেদ, ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ও পালনের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্বারোপ, হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ এবং বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট চালুর উদ্যোগ।

স্ট্যাটাসের শেষ দিকে মাহদী আমিন বলেন, ‘‌সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেয়া পদক্ষেপগুলো তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তার নেতৃত্ব এভাবেই সাধারণ মানুষের আশা ও অনুভূতিকে ধারণ করছে, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করছে। অভূতপূর্ব এ পথযাত্রায় নতুন প্রজন্মও দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে ইনশা আল্লাহ।’ তাই তিনি (প্রধানমন্ত্রী) বলেন, ‹সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।