বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ভর্তি জালিয়াতির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন এক শিক্ষার্থী। শনিবার রাতে শাহজাহানপুর থানায় মামলাটি করেন শাহাদুল ইসলাম নামের ভুক্তভোগী এক শিক্ষার্থী। এর আগে শনিবার কলেজের তিন কর্মচারীকে জালিয়াতির অভিযোগে আটক করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে ওই তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলায় গ্রেফতার তিনজন হলেন শাহ সুলতান কলেজের তিন অফিস সহায়ক বগুড়ার শাহজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়ার হারুনুর রশিদ (৪০), বগুড়া সদর উপজেলার জিগাতলার আমিনুর রহমান (৪৫) ও ইসলামপুর হরিগাড়ীর আব্দুল হান্নান (৪৫)। এ মামলায় অন্য এজাহারনামীয় আসামি শাহজাহানপুরের ওমরদীঘি চন্দ্রহাটা গ্রামের কাওছার আলী (২৪)। এছাড়া আরো পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। কাওছার শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের কাছে তিনি নিজেকে কলেজ ছাত্রলীগের কর্মী ও অফিস স্টাফ পরিচয় দিতেন। মামলার বাদী শাহজাহানপুরের শ্মশানকান্দী এলাকার প্রতারিত শিক্ষার্থী শাহাদুল ইসলাম। তাকে উচ্চ মাধ্যমিকে ভর্তির কথা বলে ৫০ হাজার টাকা ও নম্বরপত্র নিয়েছিলেন হারুন।
বগুড়ার শাহজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে মামলাটি হয়েছে। মামলায় গ্রেফতার তিন আসামিকে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়। আর কাওছার নামে একজন পলাতক রয়েছেন।









