বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই গতবারের চেয়ে এবছরের রমজান হবে স্বস্তিদায়ক।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্স কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

তিনি বলেন, আমরা বর্তমান বাজারের আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি। আমরা এ উপলব্ধিতে উপনীত হয়েছি যে গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরো ভালো হবে, আরো বেশি স্থিতিশীল থাকবে।

তিনি আরো বলেন, আজকের সভায় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম আরো কমবে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।