বাংলাদেশে এআই প্রযুক্তির ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে ভিসা কার্ড, মাস্টার কার্ড ও ফেসবুকের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো। ভিসা ও মাস্টার কার্ডে এআই প্রযুক্তি যুক্ত হলে টোল প্লাজায় টোল দেয়া সহজ হবে। এছাড়া বিদেশী প্রতিষ্ঠানগুলো কৃষি খাতে এ আই প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, কৃষি খাতে অনেকগুলো বিদেশী প্রতিষ্ঠান এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে এগিয়ে আসছে। তারা দেশে বিনিয়োগ করতে চায়। তারা বলেছে আমাদের এখানে বিনিয়োগের পরিবেশ আছে। এতে তারা আগ্রহ দেখিয়েছে।

মেটা বাংলাদেশে এআই নিয়ে কাজ করবে জানিয়ে তিনি আরো বলেন, এখানে তারা বিনিয়োগ করতে চায়। এছাড়া অ্যামাজন বাংলাদেশে অলরেডি ব্যবসা করছে। এখন আমদানি রফতানি নিয়ে কাজ করতে চায়। বিনিয়োগের ক্ষেত্রে টেক্স রেট যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে তারা কথা বলেছে। টেক্সট রেট হঠাৎ বেড়ে গেলে তারা বিনিয়োগে আগ্রহী হবে না।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, ভিসা, মাস্টারকার্ডে এআই যুক্ত করতে চায়। টোল প্লাজা বা মেট্রোরেলের টিকেট কাটতে লম্বা লাইন ধরতে হয়। সেই সমস্যার সমাধান হবে ভিসা, মাস্টার কার্ডে এআই প্রযুক্তি যুক্ত হলে। পেমেন্ট হবে এআইর মাধ্যমে। উবার জ্বালানির দাম নিয়ে কথা বলেছে জানিয়ে তিনি বলেন, তারা আরো সহজে দেশে ব্যবসা করতে চায়।

ব্যাংক খাতের বিষয়ে সালমান এফ রহমান বলেন, দেশের ব্যাংক খাতের সংস্কার প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় কাজ চলছে। তারল্য সংকট কাটাতে কী করা যায় সেটা নিয়েও আলোচনা চলমান রয়েছে।  দেশের অর্থনীতিতে অবশ্যই চ্যালেঞ্জ আছে। তবে আমরা তা মোকাবিলা করতে পারব। এখন আর ডলার সংকট নেই।। তবে সুদহার বাড়ায় একটা সমস্যা তৈরি হয়েছে। মূল্যস্ফীতিও আমাদের একটা সমস্যা। শুধু ব্যাংক নয়, অনেক দেশ পুঁজিবাজার থেকে ঋণ নেয়। সেটি নিয়েও কাজ চলছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে কথা হচ্ছে। শেয়ারের দাম ওঠানামা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ করা ঠিক হবে না। কোনো সমস্যা আছে কি-না, কেউ কোনো অনিয়ম করছে কি-না সেটি সরকার দেখবে।