সড়ক দুর্ঘটনায় খুলনা, মাদারীপুর, পিরোজপুর, গাজীপুর ও নওগাঁয় নয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
খুলনা: জেলার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার মেছাঘোনায় এ দুর্ঘটনা ঘটে।
খর্ণিয়া হাইওয়ে থানার এসআই মুন্সী পারভেজ হাসান জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। মেছাঘোনায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেট কারচালক মোহন লাল বিশ্বাস (৬০) ও যাত্রী আশুতোষ ঘোষ (৫৫) মারা যান। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
মাদারীপুর: শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে চিনিবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাদের একজন পিকআপচালক ও অন্যজন ট্রাকচালক। গতকাল সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মো. উজ্জ্বল (৩৫) ঝিনাইদহের খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও পিকআপচালক মো. রায়হান (২১) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।
পুলিশ জানায়, হাজী শরীয়াতুল্লাহ সেতুর পাশে পাইনবোঝাই একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি চিনিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ও পিকআপটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় উজ্জ্বল ও রায়হান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর: জেলার নেছারাবাদে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সাকিল (২৬) ও মো. সাইফুল (৩৭)। সাকিল ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। তারা দুজন মোটরসাইকেল করে বরিশালে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। নেছারাবাদ থানার উপপরিদর্শক মো. পনির খান বিষয়টি নিশ্চিত করেন। বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে।
টাঙ্গাইল: কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবু তালেব নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার মসিন্দা গ্রামে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আবু তালেব উপজেলার ছাতীহাটি গ্রামের আসর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে অটোরিকশা করে ছাতীহাটি যাচ্ছিলেন। পথে মাসিন্দা গ্রামে রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
গাজীপুর: শ্রীপুরে ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বরামা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম বরমী ইউনিয়নের বরামা গ্রামের কাদির মিয়ার ছেলে। তিনি বরামা গ্রামের মেঘনা গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
অন্যদিকে উপজেলার মাওনা-শ্রীপুর সড়কের কেওয়া গ্রামের বকুলতলায় ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
নওগাঁ: শহরের কাঁঠালতলীতে বাসচাপায় ইসাহাক আলী মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ইয়াদ কলোনির ইদ্রিস আলীর ছেলে। তিনি নওগাঁর ট্রাক টার্মিনালে কাজ করতেন। নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আদমদীঘি থেকে নওগাঁয় আসছিলেন মিঠু। পথে কাঁঠালতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।










