সিলেটের মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরো দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চার জনে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান। 

মৃত ব্যক্তিরা হলেন—সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪১)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে তারেক এবং সোমবার সকালে বাদল মারা যায়। তাদের দুজনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকালে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের সাত জন কর্মচারী ও দুই জন পথচারী দগ্ধ হন।

ফিলিং স্টেশনটির সত্ত্বাধিকারী আফতাব আহমদ লিটন জানান, দুর্ঘটনা আহতদের চিকিৎসায় তার আন্তরিকতার কোন ঘাটতি ছিল না।