যশোরে আফিল লেয়ার ফার্মের একটি শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ হাজার মুরগিসহ মেশিনারিজ পুড়ে গেছে। গতকাল দুপুরে সদর উপজেলার রূপদিয়ার ঘোড়াগাছি এলাকায় অবস্থিত ফার্মটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আফিল লেয়ার ফার্ম সূত্রে জানা গেছে, ফার্মের ১৭টি শেডে ৭ লাখ মুরগি রয়েছে। প্রতিদিন ফার্ম থেকে ৪ লাখ ডিম উৎপাদন হয়।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, তাদের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে শেডে থাকা মুরগিসহ মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ১৮-২০ কোটি টাকা বলে ফার্ম কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।