বাংলাদেশ শ্রম বিধিমালার বিধি ১১১(৫) অনুযায়ী জাহাজ ভাঙা শ্রমিকদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস, মে মাসের পূর্ণ বেতন এবং জুন মাসের আংশিক বেতন ১০ জুনের মধ্যে প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম। গতকাল বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাহাজ ভাঙা শ্রমিকরা যে মজুরি পান তা দিয়ে তাদের জীবনজীবিকা নির্বাহ করা কষ্টকর হয়ে পড়েছে। উপরন্তু জাহাজ ভাঙা খাতে ২০১৮ সালে ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন হয়নি। মজুরি ঘোষণার পাঁচ বছর পার হয়ে গেলেও শ্রম আইন অনুসারে নতুন মজুরি বোর্ড ঘোষণার সময় হয়ে গেছে। তাই অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে জাহাজ ভাঙা শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করতে হবে।