রাজধানীর তিন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ। প্রায় পাশাপাশি অবস্থান হওয়ায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে।
বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, এ সমস্যার সমাধানে শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তির মতো এক অভিনব উদ্যোগ নিয়েছে পুলিশ। তিন কলেজের শিক্ষার্থীদের এক করে সমস্যা সমাধানের এ আয়োজন করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। তবে তিন কলেজের মধ্যে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেয়। সিটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেননি।
আজ রোববার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন এবং কোলাকুলি করেন। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠান সম্পর্কে ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, আমি এখানে জয়েন করার পরে বেশ কয়েকবার মারামারি হয়েছে। বেশ কয়েকবার কলেজগুলোর শিক্ষকদের সঙ্গে বসছি। কিন্তু মূল সমস্যা যাদের, তাদের নিয়ে একবারও বসা হয়নি। সে কারণে আমি শিক্ষার্থীদের সঙ্গেও যোগাযোগ করি। দুই পক্ষকে বসিয়ে সমস্যা সমাধানের কথা জানাই। তারা রাজি হয়।
তিনি জানান, অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়, ফুল দেয় এবং কোলাকুলি করে।
তবে সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের গতকাল শনিবার রাতে বিষয়টি জানানোয় সময় স্বল্পতায় তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে জানান এ কে এম মাহফুজুল হক। ভবিষ্যতে আবারো তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমঝোতায় বসবেন বলেও জানান তিনি।
এদিকে, আগে একটি সংঘর্ষকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের বিরুদ্ধে ঢাকা কলেজের করা মামলাটি আইনি প্রক্রিয়ায়ই সমাধান করা হবে বলে জানান তিনি।










