পাবনার সাঁথিয়া উপজেলার সেলন্দা গ্রামে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। গতকাল সকালে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গ্রামে বাধার বিলে আমজাদ আলী ও মুজিবর রহমানের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুল আওয়াল সেলন্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহতদের পাশের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, বাধার বিলের জমি নিয়ে সেলন্দা গ্রামের আমজাদ আলীর লোকজনের সঙ্গে একই গ্রামের মুজিবর রহমানের লোকজনের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ওই জমিতে চলতি মৌসুমে ধান রোপণ করেন মুজিবর রহমান। গতকাল সকালে ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান আমজাদ আলী ও তার লোকজন। এতে বাধা দেন মুজিবর রহমান ও তার লোকজন। এ সময় কথা কাটাকাটি থেকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটার আঘাতে মুজিবর রহমানের পক্ষের আব্দুল আওয়াল ঘটনাস্থলেই মারা যান।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।










