ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্ক) হাজী রহিম উল্লাহর উদ্ধত্ত্বপূর্ণ আচরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনাটি সরে জমিনে তদন্ত করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব পালনকালে প্রিজাইডিং অফিসার ও বক্তরমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অমির হোসেন চৌধুরীকে গালিগালাজ,মারতে উদ্ধত এবং হুমকি দেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ। তার এমন আচরণের ঘটনা তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার ৫ সদস্যের একটি কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির কমিটির সদস্য করা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক ও পুলিশের সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার, সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত। এ তদন্ত কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। আগামী ৩ কার্যদিবসের মধ্যে উক্ত ঘটনার সরে জমিন তদন্ত পূর্বক বিস্তারিত প্রতিবেদন জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলের অনুরোধ করা হয়েছে।