তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আগে সরাসরি শিল্প এলাকায় গিয়ে শ্রমিকদের মতামত নেবে নিম্নতম মজুরি বোর্ড। আগামী সভার আগেই এ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় আড়াইটার দিকে।
সভার বিস্তারিত তুলে ধরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ কিছু বাস্তব সমস্যার কথা তুলে ধরে। বিশেষ করে গার্মেন্ট শিল্প এলাকায় চলমান অস্থিরতার কারণে তারা সাত কার্যদিবস সময় চেয়েছিল। তবে বোর্ড মালিকপক্ষকে চার দিন সময় দিয়েছে। আগামী সভায় তারা প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলে তাদের জন্য অপেক্ষা না করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।
তিনি বলেন, শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তাদের প্রতিনিধি। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করার কথা থাকলেও এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য তারা আরও চার দিন সময় পান। তবে শ্রমিকপক্ষের প্রস্তাব বোর্ডের কাছে জমা পড়ে। সেখানে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অব্যাহত মূল্যস্ফীতি, বাড়িভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন কারণে শ্রমজীবী মানুষের পরিবারের জীবনযাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলন ও মজুরি বৃদ্ধির দাবিকে বিবেচনায় নিয়ে সরকারের দ্রুত মজুরি বৃদ্ধির ঘোষণাকেও আমরা স্বাগত জানাচ্ছি।
তিনি বলেন, গার্মেন্ট শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে শ্রমিক, মালিক ও সরকার—সব পক্ষের মতামত বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় সব নির্দেশক বিবেচনায় নিয়ে যথাযথ গবেষণা ও বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে শ্রমিকদের বাস্তব অবস্থা, ক্রয়ক্ষমতা এবং শিল্পের সামর্থ্য বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট নিম্নতম মজুরি কাঠামোর সুপারিশ প্রণয়ন করতে হবে।
বাবুল আখতার বলেন, গার্মেন্ট শিল্পের শ্রমিকদের নিয়ে কাজ করা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন সংগঠন ও জোট শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ থেকে ৩৭ হাজার টাকা করার দাবি জানিয়েছে। ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে এ শিল্প খাতে অস্থিরতা, কর্মবিরতি ও আন্দোলনের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে গার্মেন্ট শিল্পের শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি কাঠামোয় প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা। এর বাইরে তথ্য সংগ্রহের জন্য সরাসরি গার্মেন্ট শিল্প এলাকার শ্রমিকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড।
এ বিষয়ে চেয়ারম্যান বলেন, যাদের জন্য এই বোর্ড, তাদের মুখ থেকে কথা শুনলে সিদ্ধান্ত নেওয়া আরও বাস্তবসম্মত হবে। তাদের মনের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এ কারণে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, বোর্ড সরাসরি শিল্প এলাকায় গিয়ে শ্রমিকদের কথা শুনবে। আগামী সভার আগেই এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।










