সারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। আজ রোববার সকালে উপজেলা মোড়ের প্রধান সড়ক অবরোধ করেন তারা।
স্থানীয় সূত্রে জানান গেছে, উপজেলায় চলতি মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। রোববার সকাল ১০টার দিকে কৃষকরা নলডাঙ্গা উপজেলা মোড়ে অবস্থিত সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়ালের দোকানে গিয়ে সারের জন্য অপেক্ষা করতে থাকেন। সার না থাকার খবর পেয়ে ক্ষুদ্ধ হয়ে ওঠেন তারা।
এক পর্যায়ে তারা উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে সরে উপজেলা মোড়ে গিয়ে প্রধান সড়ক অবরোধ করেন। এসময় সারের সুষ্ঠু বণ্টনের পাশাপাশি উপজেলা কৃষি অফিসার কিশোয়ার হোসেনের অপসারণ দাবি করেন তারা।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান। প্রায় এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ কৃষকরা।
বিক্ষোভের বিষয়ে ইউএনও জানান, ডিলার পয়েন্টে সার পৌছলেও কৃষকরা কেন পাচ্ছে না তা খতিয়ে দেখা হচ্ছে।










