কার্তিক মাসের বিদায় বেলায় সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলসহ সারা দেশের তাপমাত্রা কমেছে। কুয়াশাও জেঁকে বসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সকাল ৬টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শনিবার সকালে ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। বৃষ্টি না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা, আর উত্তর–উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। আজ সূর্যাস্ত হবে ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ৬টা ১০ মিনিটে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দিনের ব্যাপ্তি এখন কমছে। এর সঙ্গে তাপমাত্রাও কমে আসছে। আজ সকালে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে হালকা শীত অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলে বেশ ভালো শীত পড়েছে। তবে চট্টগ্রাম অঞ্চলে তুলনামূলক কিছুটা গরম ছিল। সামনের দিনগুলোতে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকবে।
আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।










