চুয়াডাঙ্গায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং ভাইরাসটির উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে ১২৫ জন মারা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মৃতদের মধ্যে রয়েছেন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের নাসির উদ্দীন (৫০), চুয়াডাঙ্গা পৌর এলাকার রায়পুকুর পাড়ার জরিনা (৩০) একই উপজেলার হাসান হাটি গ্রামের শাহাদত ( ৬০)।
ভাইরাসটির উপসর্গ নিয়ে মৃতরা হলেন- জীবননগর উপজেলার শাহাদত মন্ডল (৭০), দামুড়হুদা উপজেলার লাবলু বেগ (৫৮) ঈশ্বরন্দ্রপুরের সুন্নত আলী (৮০), সদর উপজেলার রাবেয়া (৫০), আলমডাঙ্গা উপজেলার আনসার আলী (৬৫), সিরাজুল ইসলাম (৫০), মালা (৩০) এবং কুষ্টিয়া জেলার মীরপুর সুতাইল গ্রামের জেসমিন (৪৫)।
চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জন করোনা শনাক্ত হয়েছে। আরো ৩৯৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী ১ হাজার ৭৫৩ জন। তার মধ্যে ১ হাজার ৬২১ জন বাড়িতে ও ১৩২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।










