এভারেস্টজয়ী ডা. বাবর আলী, স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খানসহ আট বিশিষ্টজনকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৪ জুন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স চিটাগং ইউনিভার্সিটি’। ‘একটি নতুন আগামী’ প্রতিপাদ্যে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি এ আয়োজন করছে।

অনুষ্ঠানে বিজ্ঞান, গবেষণা, পরিবেশ, অটিজম, বাকস্বাধীনতা, সংগীত, সাহিত্য, পর্বত আরোহণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে অনুষ্ঠেয় আয়োজনে নিজেদের জীবনের গল্প শোনাবেন-স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, প্রখ্যাত বিতার্কিক ও উপস্থাপক ডা. আব্দুন নুর তুষার, গীতিকার ও করপোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া, এভারেস্টজয়ী ডা. বাবর আলী এবং মিস বাংলাদেশ-২০০৭ বিজয়ী জান্নাতুল ফেরদৌস পিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার এএনএম ওয়াজেদ আলী।