দখল-দূষণে গাজীপুরের শ্রীপুর উপজেলার লবলং খাল স্বাভাবিক পানিপ্রবাহ হারিয়েছে বহু আগেই। এবার খালটির উৎসমুখেই বাধার সৃষ্টি হয়েছে। উপজেলার নয়াপাড়া গ্রামে গতিপথ পরিবর্তন করে খালের কিছু অংশ দখলে নিয়েছে একটি শিল্পপ্রতিষ্ঠান। এতে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি খালটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।

স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, লবলং খালের উৎসমুখ শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের ত্রেখাইল্লা (স্থানীয় নাম) এলাকায় অবস্থিত। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংস নামে একটি কারখানা খালের গতিপথ পরিবর্তন করে অধিকাংশ জায়গা দখল করে নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটি খালের প্রবহমান অংশে বালি ফেলে কারখানা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

তবে কারখানার মানবসম্পদ কর্মকর্তা রবিউল আহসান বণিক বার্তাকে বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। যতটুকু জানি, আমরা দখলের সঙ্গে জড়িত নই।’

খালটির এক পাশে গাজীপুরের নয়াপাড়া গ্রাম, অন্য পাশে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন। খিরু নদী থেকে উৎপত্তি হয়ে খালটি শ্রীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তুরাগ নদে মিশেছে। এটি শ্রীপুরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান পথ। এক সময় কৃষিনির্ভর অর্থনীতির কেন্দ্রে থাকা খালটি এখন শিল্পবর্জ্যে দূষিত হয়ে পড়েছে। কিছু কিছু স্থান দখলেও অস্তিত্ব সংকটে পড়েছে।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন, ‘আইন অনুযায়ী কেউ খাল দখল বা গতিপথ পরিবর্তন করতে পারে না। যদি এমনটি ঘটে থাকে, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা এবং খালটি উদ্ধারে পদক্ষেপ নিতে হবে।’

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘খালটির গতিপথ পরিবর্তন ও দখলের বিষয়টি আমরা সরজমিন তদন্ত করে দেখেছি। অনুমতি ছাড়া নির্মিত সেতুসহ খাল দখলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’