কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের
সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) শিক্ষার্থী আবু সাঈদের দাফন
সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা ১৪ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া
কামিল মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই স্থানে ৯টা ৪০ মিনিটে দ্বিতীয়
জানাজা শেষ হয়।
জানাজায় সাঈদের পরিবারের সদস্য, আত্নীয়
স্বজন ও বন্ধুসহ স্থানীয় লোকজন অংশ নেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিন
ড. শফিক আশরাফ জানাজায় অংশ নেন। পরে গ্রামের বাড়ি বাবনপুরে পারিবারিক কবরস্থানে
তাকে দাফন করা হয়।
২২ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের
অন্যতম সমন্বয়ক ছিলেন।
এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সংঘর্ষে নিহত হন পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু সাঈদ।










