সুনামগঞ্জের দোয়ারাবাজারে মইজ উদ্দিন মখন মিয়া (৫০) নামের সাবেক এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মারা যান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামারগাঁও গ্রামের নিয়ামত উল্ল্যাহর ছেলে মখন উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে মইজ উদ্দিন মখন মিয়া তার নিজ বাড়িতে থাকা ইঁদুর মারার কীটনাশক বিষপান করে অজ্ঞান হয়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।