ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের (ঈগল প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হককে মারধর করা হয়েছে।  স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের অভিযোগ, চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীর নেতৃত্বে নৌকার নেতা-কর্মীরা এ হামলা চালান।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজউদ্দিন ডাঙ্গী গ্রামে বাবুর দোকানের সামনে শামসুল হক ওরফে ভোলা মাস্টারের (৭৮) ওপর এ হামলার ঘটনা ঘটে। শামসুল হক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

আহত শামসুল হককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, শামসুল হক চিকিৎসাধীন। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তাকে বিভিন্ন পরীক্ষা করতে বলা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়ক শোয়েবুল ইসলাম জানান, তারা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপারে চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।