বিশ্বের মুসলিম বিশ্বের নেতাদের শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জনে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) ঢাকার গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
রিজওয়ানা হাসান বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মোকাবেলায় মুসলিম বিশ্বের নেতাদের সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, আমরা মূল্যবোধের কথা বললেও তা কাজে লাগাই না। নৈতিক আদর্শ বাস্তবে প্রয়োগ না করলে পরিবর্তন সম্ভব নয়।
তিনি জানান, আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনৈতিক মডেল এখনই পরিবর্তন না হলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে। এ সময় তিনি ভোগের চাহিদা সীমিত করতে ও যুদ্ধ বন্ধ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
ইসলাম ধর্মের নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে ও মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জিত অর্থ কল্যাণে ব্যয় করতে শিক্ষা দেয়।
উপদেষ্টা আরো বলেন, মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। এ সময় তিনি নিরীহ ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতায় আক্ষেপ প্রকাশ করেন।
রিজওয়ানা হাসান ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার যাকাতকে একটি পরীক্ষিত মডেল হিসেবে তুলে ধরে বলেন, করব্যবস্থায় কর দিয়ে আমরা আশা করি রাষ্ট্র গরীবদের সহায়তা করবে। কিন্তু বাস্তবে সেই অর্থ বড় প্রকল্পে ব্যয় হয়, যা প্রান্তিক মানুষের উপকারে আসে না। তিনি ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করার ও সহমর্মিতা থেকে কথা বলার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ মহাসচিব ইউপ আকমাল, ইউএনআইডব্লিউ হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশের প্রতিনিধি ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউ কাউন্সিলের সদস্য ড. আলী আফজাল।










