রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়, সাক্ষাৎকালে দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেইসঙ্গে নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারূভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ি নৌপ্রধানের ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি এসময় বাংলাদেশ নৌ বাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

আগামী ২৩ জুলাই নতুন নৌ-প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান।