প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। গতকাল বিকালে রেলপথ পরিদর্শন শেষে মোংলা বন্দর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘মোংলা সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য মোংলা-খুলনা রেলপথ নির্মাণ করা হয়েছে। রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহু গুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। আগে সড়ক ও নদীপথে এ বন্দরে পণ্য পরিবহন হতো। রেলপথে পণ্য পরিবহনে খরচ কম। যার সুবিধা পণ্যের ওপর যোগ হবে। ফলে এর সুফল জনগণই পাবে।’

তিনি বলেন, ‘রেলপথের রূপসার ওপারের দুই থেকে আড়াই কিলোমিটারের কিছু অংশ লিংকেজ সম্পন্ন হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে এ লিংকেজ সম্পন্ন হলে রেলপথটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হবে। এছাড়া দুই-তিনটি সেতুতে ত্রুটি দেখা দিয়েছিল, তা এরই মধ্যে ত্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ত্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে।’

মোংলা-খুলনা রেললাইন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। ২০২২ সালের ডিসেম্বরে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। কিন্তু কভিড-১৯সহ বিভিন্ন কারণে কাজ শেষ না হওয়ায় ২০২৩ সালের জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তী সময়ে আরো তিন মাসের সময় বৃদ্ধি করা হয়। সে অনুযায়ী চলতি অক্টোবরে রেলপথ উদ্বোধনের কথা থাকলেও পুরোপুরি ত্রুটিমুক্ত করে আগামী ৯ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে।