কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া এবং বিভিন্ন কাজের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে সে দেশে পাঠানো ৩৮ বাংলাদেশী দেশে ফিরেছেন। গতকাল থাই এয়ারওয়েজের টি-৩২১ ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তারা ঢাকায় পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশীদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও নিজ নিজ বাড়িতে পৌঁছার জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
এর আগে গত জুনে কম্বোডিয়া থেকে ৫৮৩ বাংলাদেশী দেশে ফেরেন। দেশটির সরকার ১ সেপ্টেম্বর থেকে জরিমানা ছাড়া অতিরিক্ত সময় অবস্থানরত বিদেশীদের স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফেরার সুযোগ দেয়ার পর ৩৮ বাংলাদেশী দেশে ফিরেছেন। এভাবে আরো প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া এবং অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।










