বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নে একটি পাড়ার কারবারিসহ (পাড়া প্রধান) তার চার ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাড়া প্রধান লকরুই ম্রো (৬৭) ও তার চার ছেলে রুংতুই ম্রো (৪৫), লেংলি ম্রো (৪০), মেনওয়াই ম্রো (৩৭), রিংরাও ম্রো (২৫)।

স্থানীয় পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আবুপাড়ায় বাবা-ছেলেসহ পাঁচজনকে কুপিয়ে হত্যার একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল দূর্গম হওয়ায় এখনো ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

মুঠোফোনে যোগাযোগ হলে গ্যালেঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, ঘটনা জানার পর পুলিশের বিশেষ দলের সঙ্গে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বণিক বার্তাকে তিনি বলেন, বাবা-ছেলেসহ পাঁচজনকের হত্যার কারণ বা কারা এ ঘটনা ‍ঘটিয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

যে এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটি দূর্গম পাহাড়ের গহীনে অবস্থিত। হাঁটা পথ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বান্দরবান-রুমা সড়কের ম্রুংগৌ বাজার হতে আবুপাড়া পর্যন্ত হেঁটে যেতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। মেনরত ম্রো বলেন, শুনেছি, আবুপাড়ার প্রধান লকরুই ম্রোর পরিবারের সঙ্গে অন্যান্য পরিবারের দীর্ঘদিন ধরে গোত্র কেন্দ্রিক দ্বন্দ্ব চলছিল। ম্রো জনগোষ্ঠীতে কয়েকটি গোত্র আছে। এর মধ্যে আবুপাড়ার ম্রোরা বেঙ গোত্রের। তবে কী বিষয় নিয়ে এ দ্বন্দ্ব তা পরিস্কার নয়।

রুমা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই মো. আবুল কালাম আজাদ বণিক বার্তাকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিদর্শকসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দলটির কাছ থেকে বিকাল চারটা নাগাদ কোনো খবর পাওয়া যায়নি। খবর পাওয়া গেলে কিংবা দলটি ফিরে আসলে প্রকৃত বিষয় জানা যাবে।