বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের যৌথ সভা শনিবার বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স যৌথভাবে ঘোষিত ১০ দফা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানায়। বিশেষ করে সংবাদপত্র ও সংবাদমাধ্যমে কর্মরত শ্রমিক, কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত গণমাধ্যম কর্মী আইন সংসদে পাস না হওয়ায় উদ্বেগ ও উষ্মা প্রকাশ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী (চাকরি শর্তাবলি) আইন সংসদে পাস করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খান, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস শ্রমিক ফেডারেশনের মহাসচিব মোশতাক আহমদ, সিনিয়র সহসভাপতি মাকসুদুল আহসান, সহসভাপতি মো. ফারুক আহাম্মেদ ভূঁইয়া, মো. বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. মমিনুল হকসহ অন্য নেতারা। —বিজ্ঞপ্তি









