ফুটপাত ও রাস্তা দখল করে
অবৈধ দোকানপাট স্থাপনের মাধ্যমে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় অভিযান পরিচালনা করেছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবারের (২৩ জানুয়ারি) অভিযানে রাস্তা
ও ফুটপাত দখল করে মালামাল রাখায় ফকিরাপুলের আনন্দ বাজার এলাকার একটি দোকান
সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করার
লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেছে সংস্থাটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে আনন্দ বাজার এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান পরিচালনা করেন।
করপোরেশনের সম্পত্তি
কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত
আনন্দ বাজার এলাকায় একটি দোকানকে সাময়িক বন্ধ ঘোষণা করে সেটিতে তালা লাগিয়ে দেন। আর
কখনো রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখা হবে না, এমন মুচলেকা দিলে তাকে দোকান খোলার অনুমতি
দেয়া হবে বলে দোকানিকে জানানো হয়েছে।
এ সময় ফুটপাতের নিচ দিয়ে অবৈধভাবে লাইন টেনে পানি বিক্রির করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করে পানির অবৈধ লাইন বন্ধ করে দেয়া হয়। এছাড়া ফুটপাতে অবৈধভাবে অস্থায়ী দোকান স্থাপন করায় ২টি মামলায় ২ ব্যক্তির কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জব্দ করা মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে ২১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
এদিকে ফকিরাপুল এলাকার পানির ট্যাংকির উল্টো দিকে ডিআইটি এক্সটেনশন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের আদালত ৫টি বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন।












