প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তবে সাক্ষাতে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি।

কটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করতে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী। ধারণা করা হচ্ছে, বিশেষ কোনও বার্তা তিনি ঢাকা থেকে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগের দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন তিনি। ঢাকায় আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর প্রায় দেড় মাস পর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জন্য দীনেশ ত্রিবেদী একটি শাল (চাদর) উপহার নিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে প্রত্যার্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারীদের প্রত্যাবর্তনেরও অনুরোধ করা হয়েছে।