আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, এ বছরের ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে তাদের নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী আমাদের বর্তমান ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩। আমরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এ সংখ্যাটা নিয়েই আমরা এগিয়ে যাবো। বিগত হালনাগাদ থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪লাখ ৫৪ হাজার ৪০৩।
তিনি আরো বলেন, এতে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১। আর তৃতীয় লিঙ্গ হচ্ছে ১ হাজার ২৬৭।
এ ভোটার তালিকাটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, আমার কাছে যতটুকু তথ্য সেই অনুযায়ী আমাদের ৩১শে জুলাই পর্যন্ত ভোটার তালিকার কাট-অফ ডেট দেয়া হয়েছিল। এখন আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সিদ্ধান্তে যদি পরিবর্তন হয় তাহলে আমি আবারো একটা সংখ্যা আপনাদেরকে বলবো। আপাতত এইটুকুই আছে আমার কাছে।
স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ভোটকেন্দ্রের সংখ্যাটা নির্ভর করছে কোন স্তরের ভোটটা হবে সেটার ওপরে। এখন তো সেটাই বলেনি, অতএব আপনাকে সঠিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যাটা আমি বলতে পারছি না।
কিন্তু গত ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে জানানো হলে তিনি আরো বলেন, চূড়ান্ত প্রকাশ হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে সংখ্যাটা নেই, দুঃখিত।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে তা ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি৷ এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।










