ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই যাত্রী। এছাড়া যশোরে ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সরাইল বিশ্বরোড মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাক নন্দপুর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাযাত্রী আবদুল হাই (৬৫)। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন জুনায়েদ মিয়া (২৭) নামে আরো একজন মারা যান।

নিহত আবদুল হাই ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার নুয়াব আলীর ছেলে এবং জুনায়েদ মিয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিয়াইর গ্রামের আবু মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত অন্য দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে যশোরের অভয়নগরে সরিষা বিক্রি করতে যাওয়ার সময় ট্রাকচাপায় আতিয়ার রহমান বিশ্বাস (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফকিরবাগান মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আতিয়ার রহমান বিশ্বাস উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের দিঘীরপাড়ের মৃত দেলোয়ার রহমান বিশ্বাসের ছেলে।

নিহতের ছেলে জাহিদুল ইসলাম জানান, তার বাবা সরিষা বিক্রি করতে বাড়ি থেকে সাইকেল চালিয়ে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। বেলা ১টার দিকে মোবাইলে জানতে পারেন তার বাবার মৃত্যু হয়েছে।