বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এবং পার্শ্ববর্তী ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল এবং ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ অভিযান।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুদ করা আনুমানিক ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে তেলের ডিপো থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন অপর একটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তর করা প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি ওই ৯ হাজার লিটার ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করার দাবি করলেও এর পক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধার ডিজেল ও ফার্নেস ওয়েল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।