অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এসময় জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত, বিজিবির নাম আবার বিডিআর করাসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছেন।

ঘটনাস্থলে থাকা রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম জানান, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্প সূত্র জানিয়েছে, যমুনার কাছাকাছি এলাকা থেকে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন— মো. শামছুল হক (৫৫) ও মো. ইউনুছ আলী (৫৭)।

এর আগে আজ (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তারা যমুনা ঘেরাও করবেন বলে জানান। পরে বেলা ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি, পুলিশ তাদের পদযাত্রায় জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান করছেন।