নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সৈনিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরো ৩৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
সিএমপি’র গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা আছে।










