‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’—এ স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ের ২১টি সেলুনে পাঠাগার করার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা শহরের সেলুনগুলোয় এসব পাঠাগার গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার। ওই পাঠাগারের প্রতিষ্ঠাতা মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন। সেলুনে চুল কাটা বা অন্য কোনো কাজে গিয়ে অপেক্ষার সময়টা বই পড়েই কাটাবেন পঞ্চগড়ের গ্রাহক। সম্প্রতি পঞ্চগড় জেলা শহরে চৌধুরী মার্কেটের নিচতলার নিউ পারসন এক্সক্লুসিভ জেন্টস পার্লারে সেলুন পাঠাগার উদ্বোধন করা হয়। মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন প্রধান পঞ্চগড়ে প্রথম এ সেলুন পাঠাগার উদ্বোধন করেন।
তরুণ উদ্যোক্তা আল আমিন জানান, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে পঞ্চগড় জেলা শহরে ২১টি সেলুনে ২১টি সেলুন পাঠাগার গড়ে তুলবেন। এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি বই সংগ্রহ করছেন। সেলুনে এসে অপেক্ষার সময়টুকু অনেকে মোবাইল ফোনে গেম খেলে কাটিয়ে দেন। অনেকে বিরক্ত হন। এখন থেকে তারা বই পড়তে পারবেন। সম্পূর্ণ বই পড়ে ফেলতে না পারলেও বইয়ের নামগুলো জানবেন। লেখকের নাম জানবেন। ইচ্ছা থাকলে পরে তারা বইটি সংগ্রহ করে পড়ে ফেলতে পারবেন। মূলত বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করাই সেলুন পাঠাগারের উদ্দেশ্য।
মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান শিক্ষার্থী আল আমিনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমি আশা করি, এ পাঠাগার জনসাধারণের বই পড়ার আনন্দ কিছুটা হলেও জাগ্রত করবে। তার এ চিন্তার মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ জেগে উঠবে।









