চলমান কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার
প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে রেখেছেন চট্টগ্রাম আন্তর্জাতিক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে
অবরোধ করেন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল ১০টার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। একইভাবে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীরা সরে যেতে শুরু করায় দুপুর সাড়ে ৩টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান,
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছে। এজন্য
ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। তবে সকালে চট্টগ্রাম
থেকে বেশ কয়েকটি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন
জানান, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তারা সড়ক ছেড়ে ঘরে
ফিরে যাচ্ছে। সড়কের যানবাহন চলাচল এখন স্বাভাবিক হতে শুরু করেছে। এখন রেলপথের সমস্যারও
সমাধান হচ্ছে। এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










