দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল ও আগের দিন রাতে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, মাদারীপুর, বান্দরবান ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কাউছার হোসেন (১১)। ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও কাউছার মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার চার শিক্ষার্থী মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। কুমিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: বাসচাপায় রাজু মণ্ডল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মণ্ডল গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নুর হোসেন মণ্ডলের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ হোসাইন জানান, রাজু বনবাড়িয়া এলাকার একটি মিলের কর্মচারী ছিলেন। মিলের সামনে রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজু মণ্ডল মারা যান।
মাদারীপুর: একটি অটোভ্যানকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের কালকিনী উপজেলার ভুরঘাটা কুণ্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তি বাসের হেলপার ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বাস দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাটি এক পাশে হওয়ায় যানবাহন চলাচলে বেশি সমস্যা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বান্দরবান: জেলার থানচি-আলিকদম সড়কে মোটরসাইকেল খাদে পড়ে টিপু বড়ুয়া (২৮) নামে এক পর্যটক নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু বড়ুয়া চট্টগ্রামের চন্দনাইশের ফতেহ বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা।
আলিকদম থানার ওসি মির্জা জহির জানান, মোটরসাইকেল চালিয়ে আসার সময় ১৬ কিলো এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
বগুড়া: জেলার কাহালুতে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, আনোয়ারুল ইসলাম পাখি শিকার করার জন্য একটি অটোভ্যানে করে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তার ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাহালু থানার এসআই জসিম জানান, এ ঘটনায় কাহালু থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।










