রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি সংগঠন কাব্য কুহুক আয়োজিত ‘হিমবেলা চিঠি মেলা- ২০২৫’। ডিজিটাল যুগে ভুলে যাওয়া চিঠি সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গতকাল (২৯ নভেম্বর) এ আয়োজন করা হয়।
মুত্তাকিন হাসানের শুভেচ্ছা বক্তব্যর পর চিঠি পাঠের প্রথম পর্বে কাব্য কুহুকের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা নিজস্ব লেখা চিঠি পাঠ করেন। সম্পর্ক, স্মৃতি, মায়া ও মানবিকতার গল্প উঠে আসে প্রতিটি পাঠে। শ্রোতাদের প্রতিক্রিয়ায় চিঠির আবেগ যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে।
শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আরো রঙিন। চিঠি লেখার প্রতিযোগিতায় তারা জমা দেয় সরল কিন্তু হৃদয়ছোঁয়া লেখা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকত।
অনুষ্ঠানে চিঠি পাঠ করেন, অ্যাডভোকেট সীমা ইসলাম, জাহান বশির, পারভেজ চৌধুরী, জেবুন্নেসা মুনিয়া, রশিদ কামাল, আনিসুর রহমানসহ অনেকে।
কাব্য কুহুকের পরিচালক, আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপিকা ফারহানা তৃনা বলেন, চিঠি কেবল যোগাযোগ নয়, এটি মানুষের অনুভূতির ভাষা। নতুন প্রজন্মকে কাগজ-কলমের চিঠির সঙ্গে পরিচিত করাতেই আমাদের এ আয়োজন। শিশুদের সম্পৃক্ততার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।










