সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে বান্দরবানের রুমা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পাহাড়ে ড্রোনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বণিক বার্তাকে বলেন, সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের পর থেকেই উদ্ধার অভিযান শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রুমা উপজেলা প্রশাসন ভবনে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। পরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালানো হয়। সে সময় ব্যাংকে টাকা লুটের পাশাপাশি ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।