কুড়িগ্রামে সরকারি ৪১টি দফতরের বিরুদ্ধে ৭৮টি অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৭২টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ৭২টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাঁচটি অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে। বিভিন্ন সরকারি দফতরের বিরুদ্ধে ওঠা চারটি অভিযোগের বিষয়ে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (২ জুন) কুড়িগ্রামে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে এসব অভিযোগ জমা পড়ে।

গণশুনানিতে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, বিএডিসি অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, রেলওয়ে, কৃষি সম্প্রসারণ অধিদফতর, জেলা কারাগার, পল্লী বিদ্যুৎ সমিতি, নির্বাচন অফিস, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ইউনিয়ন পরিষদ ও  প্রাণী সম্পদ অফিসসহ বিভিন্ন অফিসের বিরুদ্ধে অভিযোগগুলো জমা পড়ে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া দুইজন কর্মচারীকে বদলির জন্য তাদের দফতরকে নির্দেশ দেয়া হয়েছে। বাকি অভিযোগগুলোর বিষয়ে নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে গৃহিত পদক্ষেপের ওপর প্রতিবেদন দাখিলের জন্য স্ব-স্ব দফতরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, দুর্নীতি একদিনে শেষ হবার নয়। এটি দমনে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করতে হবে। গণশুনানিতে শোনা সকল অভিযোগ অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। অনেকগুলো বিষয়কে অনুসন্ধানের জন্য বিবেচনায় নেয়া হয়েছে। এসব গণশুনানির জন্য সমাজের বঞ্চিত মানুষেরা সুফল পাচ্ছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে ও সঞ্চালনায় গণশুনানিতে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান, কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক, কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

গণশুনানিতে কুড়িগ্রামের বিভিন্ন সরকারি দফতরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ তাদের অভিযোগ উত্থাপন করেছেন।