দেশে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় ১০ মাস পর আবারো ভারত থেকে আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে দেশের কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান ১২০ টন মরিচ আমদানি করেছে। বন্দর থেকে খালাস হয়ে এসব মরিচ যাবে ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

বন্দর সূত্র জানায়, প্রতি টন ২৩৮ ডলার দামে আমদানি করা হচ্ছে। কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়েছে। এতে বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়ছে প্রায় ৭০ টাকা কেজি। এরপর রয়েছে পরিবহন খরচ। তবে আমদানি শুল্ক কমলে কাঁচামরিচ কম দামে বাজারে সরবরাহ করতে পারবেন বলে জানান আমদানিকারকরা।

বেনাপোল বন্দরে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, প্রায় ১০ মাস পর ভারত থেকে আবারো কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানিকারকরা যাতে দ্রুত তাদের পণ্য বন্দর থেকে খালাস করতে পারেন সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, দুদিনে বেনাপোল বন্দর দিয়ে ১২০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এর মধ্যে বুধবার পাঁচটি ট্রাকে ৩৭ ও বৃহস্পতিবার আটটি ট্রাকে ৮৩ টন আমদানি করা হয়েছে।