বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় প্রতিষ্ঠানটির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘একটি বাংলাদেশ’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। সম্প্রতি আবৃত্তি সংগঠন কাব্য কুহুকের পরিবেশনায় এ প্রযোজনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রযোজনাটির উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কাব্য কুহুকের সহ-পরিচালক মুত্তাকিন হাসান। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন কাব্য কুহুকের পরিচালক, আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। এতে সংগঠনটির সদস্যরা অংশ নেন।
‘একটি বাংলাদেশ’ প্রযোজনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সমসাময়িক জাতীয় চেতনার বিভিন্ন দিক শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়। বিশেষ করে নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণ প্রযোজনাটিকে আরো প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন আবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি এমন একটি মাধ্যম যা শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস ও কথার শক্তি বিকাশে সহায়ক। তিনি জানান, আবৃত্তি চর্চার উন্নয়নে শিল্পকলা একাডেমি সহযোগিতা অব্যাহত রাখবে।
ফারহানা তৃনা বলেন,আমরা চাই নতুন প্রজন্ম একটি ঐক্যবদ্ধ, সুন্দর বাংলাদেশের স্বপ্নকে ধারণ করুক, তাই নানা বয়স ও নানা পেশার মানুষের পাশাপাশি কাব্যকুহুকের এ প্রযোজনায় শিশুরাও গুরুত্বপূর্ণ অংশ । তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং প্রত্যাশা ব্যক্ত করেন ভবিষ্যতেও শিল্পকলা একাডেমি আবৃত্তি শিল্পের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে—যেন আবৃত্তিশিল্প তার প্রাপ্য গুরুত্ব পায়।










