ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনার অষ্টম দিনেও নিখোঁজদের সন্ধানে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চলছে। আজ শুক্রবার সকাল সাতটা থেকে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠির অংশে স্পিডবোট ও ডুবুরি নিয়ে তল্লাশি চালান।

জেলা প্রশাসক মো. জোহর আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ উদ্ধারে আরো অভিযান চলবে।

এদিকে, পুড়ে যাওয়া এমভি অভিযান ১০ লঞ্চটিকে ঝালকাঠির লঞ্চঘাট থেকে সরিয়ে সুগন্ধা নদী তীরের ডিসি পার্ক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পণ্য ওঠানামা ও যাত্রীদের সুবিধার্থে শুক্রবার সকাল ১০টায় সুন্দরবন-১২ লঞ্চ দিয়ে পোড়া লঞ্চটিকে সরিয়ে নেয় জেলা প্রশাসন।

আগুনের ঘটনার পর সুগন্ধা ও বিষখালী নদী থেকে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। পরে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিচয় না পাওয়া মরদেহটি বেওয়ারিশ হিসেবে সমাহিত করা হয়।

গত ২৩ ডিসেম্বর রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চ ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৩০ জন।