সৌদি আরবের মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র দাবি করেছেন, মক্কা নগরীর দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন ‘পবিত্র নগরীর সংরক্ষিত আকাশ সীমায় ঢোকার আগেই’ ধ্বংস করেছে সৌদি আরবের এয়ার ডিফেন্স।
গতকাল এক বিবৃতিতে মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, ‘মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি বাধা দিয়ে ধ্বংস করা হয়। এটি মক্কাকে লক্ষ্যস্থল করার দ্বিতীয় প্রচেষ্টা। ২০১৭ সালের জুলাইয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এ ধরনের আরেকটি প্রচেষ্টা চালানো হয়েছিল। ইসলামের পবিত্রতম স্থানগুলোর কয়েকটি মক্কায় অবস্থিত। বার্ষিক হজের কেন্দ্রস্থল এটি। এখানকার নিরাপত্তা একটি রেড লাইন।’










