করোনার সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে সরকার আবারো লকডাউন দেয়ার চিন্তাভাবনা করতে পারে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে এমনটা জানান তিনি।

বুস্টার ডোজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রমজান আলী, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুত্ফর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিল।

এ সময় মন্ত্রী বলেন, আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আরো কঠোর হবেন। ওমিক্রনের হানা থেকে বাংলাদেশ এখনো ভালো আছে। এরই মধ্যে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে এ ট্যাবলেট টিকার বিকল্প নয়।

মন্ত্রী আরো বলেন, এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারিতে অন্তত চার কোটি ডোজ টিকা দেয়া সম্ভব হবে। দেশে টিকার কোনো অভাব নেই। এরই মধ্যে টিকা দেয়ার সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। টিকা দেয়ার জন্য নতুন আরো ছয় কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।