বারবার আলটিমেটামের পরও উপাচার্য (ভিসি) নিয়োগের প্রজ্ঞাপন জারি না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’, ‘সবাই যখন স্বর্গে, চবি কেন মর্গে’, ‘ঢাবি, জাবি ভিসি পায়, চবি কেন পিছিয়ে যায়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। 

সকাল ১০টায় চবির জিরো পয়েন্টে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে সারা দিনেও ভিসি নিয়োগে কোনো ঘোষণা না আসায় আন্দোলনকারীরা শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে একটি মিছিল নিয়ে চবির প্রশাসনিক ভবনে তালা দেন এবং চবি কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। পরে তারা চবির দুই নম্বর গেট ও জিরো পয়েন্টে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যেকোনো পরিবহন শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

চবি শিক্ষার্থী নেয়ামত উল্যাহ ফারাবি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হলো প্রধান দুটি স্তম্ভ। কিন্তু দীর্ঘদিন ধরে এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একাডেমিক কার্যক্রম ছাড়া প্রশাসনিক কার্যক্রমের কোনো মূল্য নেই। কিন্তু আমরা দেখেছি উপাচার্য না থাকলেও বিনা বাধায় বিভিন্ন আর্থিক কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এখন পড়ার টেবিলে ও ক্লাসরুমে থাকার কথা। কিন্তু এমন অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে যে আমরা পড়াশোনা রেখে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। উপাচার্যের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি আমরা। এখন থেকে প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের মূল দুই ফটক বন্ধ থাকবে। উপাচার্য নিজে এসে তালা খুলে ক্যাম্পাসে ঢুকবেন। এভাবে আর চলতে দেব না আমরা।’